সৌদি আরবের উপকূলে ইরানের একটি ট্যাংকারের গুলি চালানো হয়। সৌদি বন্দর নগরী জেদ্দা থেকে ৬০ মাইল দূরে সাগরে ট্যাংকারটি অবস্থান করছিল।
বিবিসি জানায়, সৌদি উপকূলে একটি বিস্ফোরণকে কেন্দ্র করে ইরানি ট্যাংকারটিতে গুলি ছোড়া হয়। তবে কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায়নি।
তেলের জাহাজটি ইরানের ন্যাশনাল ওয়েল কোম্পানির (এনওআইসি) মালিকানাধীন বলে জানা গিয়েছে। এনওআইসি দাবি করেছে, জাহাজটিতে মিসাইল হামলা চালানো হয়েছে।
হামলায় ট্যাংকারটির প্রধান দুই ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে লোহিত সাগরে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে। তবে এ হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে এমন ঘটনা ঘটল। গত মাসে ১৮টি ড্রোন ও সাতটি ক্রুজ মিসাইল দ্বারা সৌদি আরবের প্রধান তেলক্ষেত্রে বড় ধরনের হামলা চালানো হয়। যার ফলে বিশ্বের তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়।
সৌদি আরব এই হামলার জন্য ইরানকে দায়ী করে থাকে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।
