সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি গ্রামের রেললাইনের পাশ থেকে শুক্রবার সকালে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশটি এখানে ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, এদিন সকালে এলাকাবাসীর দেওয়া খবর পেয়ে বারাকান্দি এলাকার ঈশ্বরদী-ঢাকা রেললাইনের পাশে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। এ ব্যাপারে জিআরপি থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক গোলাম হায়দার সরকার জানান, কামারখন্দ উপজেলার বারাকান্দি এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া কামারখন্দ থানার সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
