কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে আবদুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার মহিনন্দ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিনন্দ নোয়াপাড়া গ্রামের বাসিন্দা আবদুল হক স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয়দের উদ্ধৃত করে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আবদুর রহমান বিশ্বাস জানান, সকালে রেলক্রসিং এলাকায় একটি চায়ের দোকানে চা পান শেষে বাড়ি ফিরছিলেন আবদুল হক। এ সময় ভৈরব থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে সকাল ৯টার দিকে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে বাচ্চু গাজী (৬৫) নামে একজন নিহত হন। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার পুরাতন বাজার এলাকায়। ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহাম্মদ বিশ্বাস জানান, সকালে রেললাইন পারাপারের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে বাচ্চু গাজী মারা যান।
