রাজশাহীতে সাপের কামড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচরণপুর গ্রামের নূর ইসলাম (৩০) ও তার স্ত্রী মৌসুমী খাতুন (২৬)।
নূরের চাচা আবদুর রহিম জানান, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে নূর ও মৌসুমী ঘরে ঘুমিয়ে ছিল। মশারির ভেতরে ঢুকে একটি সাপ তাদের কামড় দেয়। ঘুম ভেঙে গেলে তারা বিছানায় সাপটি দেখতে পায়। পরে সাপটি জাল দিয়ে ধরা হয়। দুজনকে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ওষুধ না থাকায় চিকিৎসক তাদের রামেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রহিম আরও জানান, ২৯ দিন আগে নূরের বাবা সিরাজুল ইসলামও সাপের কামড়ে মারা গেছেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন জানান, সাপটির নাম ‘কমন ক্র্যাট’। এটা গোখরার চেয়ে চারগুণ বেশি বিষধর।
