চাঁদা না দেওয়ায় রাজধানীর গোপীবাগে লুক মিডিয়া নেটওয়ার্ক নামে একটি কেবল ব্যবসা দখলের অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক ফুয়াদ ফয়সল জন ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।
মো. হারুনকে প্রতিষ্ঠানটির মালিক দাবি করে তার স্ত্রী ফারজানা জাহান জুঁই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জন ও তার ক্যাডার বাহিনীর নির্যাতন এবং অস্ত্রের ভয়ে আমার পুরো পরিবারকে গোপীবাগ ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে। আমার স্বামীর মালিকাধীন লুক মিডিয়া নেটওয়ার্ক এখন তার দখলে। প্রতি মাসে গ্রাহকদের কাছ থেকে বিল বাবদ লাখ লাখ টাকা আদায় করে নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে জন ও তার লোকজন আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান দখলের পাঁয়তারা করে আসছিল। এরই ধারাবাহিকতায় জন আমার স্বামীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় পরিবারের ওপর একাধিকবার আক্রমণ করা হয়।
