বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও ভারতের সঙ্গে ‘অসম’ চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবারও প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করা হয়েছে কুমিল্লা, গাইবান্ধা, দিনাজপুর ও নেত্রকোনায়। বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
কুমিল্লা : বেলা ১১টায় কান্দিরপাড় পূবালী চত্বরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে কয়েকটি সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরারের খুনিদের দ্রুত বিচার করার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীরা যেন পার পেয়ে না যায় এবং বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের নামে যে চক্রান্ত চলছে তা বন্ধের দাবি জানান। কর্মসূচিতে অংশ নেয় চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, শিশু-কিশোর মেলা, জনান্তিক নাট্য সংগঠন, সাংস্কৃতিক সংসদ কুমিল্লা, কুমিল্লা কবি ফোরাম, উষসী সাহিত্য পরিষদ ও নির্মাণ শ্রমিকরা। ফারজানা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জহিরুল হক দুলাল, শরীফ আহমেদ অলী প্রমুখ।
এর আগে সকাল ১০টার দিকে কুমিল্লা আইন কলেজের ফটকের সামনের সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী জি এইচ জোবায়ের, সৈয়দ জাকারিয়া আলম সাকিব প্রমুখ।
গাইবান্ধা : দুপুরে মুখে কালো টেপ লাগিয়ে আবরার ফাহাদ হত্যার বিচার ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন রাফসান রাজন, ওসমান গণি, ওমর আল সানি মুগ্ধ, শৈলী প্রমুখ।
একই সময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখা ভারতের সঙ্গে ‘অসম’ চুক্তি বাতিল, ফাহাদ হত্যার বিচার ও ক্যাসিনো ‘ক্রাইম সিন্ডিকেট’ ধ্বংসের দাবিতে শহরের এক নম্বর রেলগেটস্থ জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী প্রমুখ।
দিনাজপুর : দুপুর ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধনে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসাইন, দিনাজপুর শাখার সভাপতি মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ বদিউজ্জামান বাদল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এস এম চন্দন, ছাত্রনেতা অন্তু বসাক প্রমুখ।
নেত্রকোনা : বিকেল সাড়ে ৪টায় সিপিবি জেলা কমিটির উদ্যোগে ছোট বাজার স্থানীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন এবং পরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। নেত্রকোনা সিপিবির সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সম্পাদক নলিনী কান্তি সরকার, মোস্তাক আহমেদ, হাবিবুর রহমান, কোহিনুর বেগম, মো. আলমগীর, আবদুল কাইয়ুম, মিথুন শর্মা প্রমুখ।
