সারবোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল শনিবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন আবার চলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল সকাল ৭টার দিকে জামালপুরগামী মালবাহী ট্রেনের একটি বগি কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, সকাল ৭টার দিকে রেললাইন ও একটি রেলওয়ে কালভার্টের কিছু অংশ ভেঙে যায়। পরে একটি উদ্ধারকারী ট্রেন ময়মনসিংহ থেকে এসে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিটি লাইন থেকে সরানোর পর লাইন মেরামত করা হয়। এরপর দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
