সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আওয়ামী লীগের কর্মী আবদুর রাজ্জাক (৩৩) হত্যা মামলার অন্যতম আসামি দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ রানাকে (৪৫) পুলিশ গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে সাতলাঠি বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও নিহত রাজ্জাকের চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হাফিজুল, আওয়ামী লীগ কর্মী হানিফ, ফরিদুল, শাহ আলম, আইয়ুব আলী, কাশেমসহ বেশ কয়েকজন সাতলাঠি আকন্দপাড়া গ্রামের আলমগীর হোসেনের চাচা ইমতিয়াজকে অধ্যক্ষ মাসুদ রানার কক্ষে আটক করে মারপিট করে। খবর পেয়ে রাজ্জাক সেখানে যান। এ সময় তারা রাজ্জাককেও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, রাজ্জাক হত্যা মামলায় অধ্যক্ষ মাসুদ রানাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
