নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারের লন্ড্রি ব্যবসায়ী ইসহাক মিয়ার (৫৫) মৃত্যুর সংবাদ শুনে তার মা রাজিয়া খাতুন (৭০) মারা গেছেন। গত শনিবার রাতে উপজেলার নাজিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার নাজিরপুর বাজারে নাজিরপুর গ্রামের ইসহাক মিয়া তার লন্ড্রি দোকানে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক মা রাজিয়া খাতুন স্ট্রোকে আক্রান্ত হন। পরে অচেতন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান। মা-ছেলের এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গতকাল রবিবার দুপুর ২টায় উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে মা ও ছেলের জানাজা শেষে তাদের নাজিরপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
