স্মার্টফোনের অ্যাপসের মাধ্যমে চীনের কোটি কোটি মানুষের ওপর নজরদারি চালাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি অব চীনা (সিপিসি)।
এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত একটি গবেষণা থেকে এমন চাঞ্চল্যকর বেরিয়ে এসেছে।
ওপেন টেকনোলজি ফান্ড নামে ওই প্রজেক্টটির একজন পরিচালক সারাহ আউন বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টি ১০ কোটিরও বেশি মানুষের ওপর নজরদারি চালাচ্ছে। সহজেই তারা এসব মানুষের তথ্য সংগ্রহ করার সুযোগ পান।’
জানা যায়, চলতি বছরের শুরুতেই চীনের সরকারি কাজ, পরিষেবার প্রচারমূলক বার্তা দেশের নাগরিকদের ফোনে পাঠানোর জন্য একটি অ্যাপ চালু করে চীনা কমিউনিস্ট পার্টি। সেই অ্যাপটির মাধ্যমেই নজরদারির এই ফাঁদ পাতা হয়েছে।
ওপেন টেকনোলজি ফান্ড জানাচ্ছে, মোবাইল ব্যবহারকারীদের যাবতীয় ব্যক্তিগত তথ্য, বার্তা, ছবি ও মেইল আদান-প্রদান, এমনকি ইন্টারনেটে কাকে খোঁজা হচ্ছে সবকিছু জেনে যাচ্ছে চীনের ক্ষমতাসীন দলটি।
প্রচারমূলক অ্যাপের সেই কোডের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের এসব তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। ফোনের অডিও রেকর্ডারটিকেও গোপনে চালু করে দিতে পারে কোডটি, এমনটি জানা গিয়েছে।
প্রসঙ্গত, জানুয়ারিতে চীনা কমিউনিস্ট পার্টি ‘স্টাডি দ্য গ্রেট নেশন’ নামে এই অ্যাপটি চালু করেছিল।
চীনা ভাষায় ‘স্টাডি’কে বলা হয় ‘শুয়েক্সি’। যা চীনা প্রেসিডেন্ট শি চিনপিং-এর পারিবারিক নাম। তাই ইংরেজি শব্দটাই ব্যবহার করা হয়েছে। মূলত চীনা প্রেসিডেন্টের বিভিন্ন কাজকর্ম ও মতাদর্শ নিয়েই বিভিন্ন রকমের খবর ও ভিডিও পাঠানো হয় ওই অ্যাপের মাধ্যমে।
