গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব

চার নাটক মঞ্চস্থ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৩:০২ এএম

ময়মনসিংহ গীতিকার খন্ডিত অংশ নিয়ে নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’। গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব উপলক্ষে মঞ্চস্থ হয় নাটকটি। নাগরিক নাট্যাঙ্গন প্রযোজিত নাটকটি নির্দেশনা দিয়েছেন হৃদি হক। এদিন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় আপস্টেজ নাট্যদলের নাটক ‘রাত ভরে বৃষ্টি’। বুদ্ধদেব বসুর উপন্যাস থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। বিয়ে ও সংসার নামক যৌথ প্রতিষ্ঠানের জটিল পাকচক্রে আবদ্ধ তিন নর-নারীর মনোদৈহিক টানাপড়েনের গল্প ‘রাত ভরে বৃষ্টি’। নাটকটিতে অভিনয় করেন প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী ও কাজী রোকসানা রুমা। সংগীত পরিকল্পনায় ছিলেন অসিত কুমার, আলোক পরিকল্পনা করেছেন অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় রুনা কাঞ্চন, মঞ্চ পরিকল্পনায় সাকিল সিদ্ধার্থ। এটি আপস্টেজের প্রথম নাট্য প্রযোজনা। অন্যদিকে স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় ঢাকা নান্দনিক প্রযোজনা ‘নড় বড়ে বউ’। একই সময়ে নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয় দেশ নাটক প্রযোজনা ‘সুরগাঁও’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। এ ছাড়া বিকেল সাড়ে ৪টা থেকে মিলনায়তনের বহিরাঙ্গনের উন্মুক্ত মঞ্চে ছিল আবৃত্তি, পথনাটক, নাচ, গান, মূকাভিনয়ের পরিবেশনা। রাজধানীর ছয়টি ভেন্যুতে একযোগে চলছে ১০ দিনব্যাপী গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব। গত শুক্রবার সন্ধ্যায় নাট্যশালায় এ উৎসব উদ্বোধন করেন আসাদুজ্জামান নূর এবং ভারতের মেঘনাদ ভট্টাচার্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত