শিশু তুহিন হত্যা মামলা: বাবাসহ ৩ জন রিমান্ডে

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০৭:৩৬ পিএম

সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিন মিয়া হত্যা মামলায় বাবা আব্দুল বাসির ও তার দুই চাচাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার এসআই আবু তাহের মোল্লা জানান, মামলায় ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন, নিহত তুহিন মিয়ার বাবা আব্দুল বাসির, চাচা জমশেদ আলী, মোছাব্বির আলী, নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার হোসেন।

এর মধ্যে আব্দুল বাসির, চাচা জমশেদ আলী, মোছাব্বির আলী কে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন জনকে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

অন্যদিকে নিহতের আরেক চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ারের ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে বলে তিনি জানান।

এর আগে সোমবার রাতে শিশু তুহিনের মা মনিরা বেগম দিরাই থানায় অজ্ঞাত কয়েক জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বিকেলে নিহতের বাবা, চাচা, চাচিসহ সাতজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সোমবার রাতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, শিশু তুহিন মিয়ার হত্যার সঙ্গে পরিবারের ২-৩ জনের সম্পৃক্ততা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত