নৌকাবাইচ একসময় সারা বাংলায় ব্যাপক জনপ্রিয় ছিল। কালের বিবর্তনে বিলীন হতে বসেছে এটি। ঐতিহ্য ধরে রাখতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে মাদারীপুরের একদল যুবক। গত সোমবার রাজৈরে কুমার নদে হয়ে গেল কলাগাছের তৈরি ভেলাবাইচ।
হাজার হাজার দর্শনার্থী উপভোগ করেন অভিনব এই ভেলাবাইচ। মনোমুগ্ধকর এই আয়োজন দেখে খুশি সর্বস্তরের জনসাধারণ।
আয়োজকরা দেশ রূপান্তরকে জানান, ভেলাবাইচ দেখতে দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ নদীর দু’পাড়ে জড়ো হন। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো। কেউ নৌকায় চড়ে, কেউ গাছে চড়ে আবার কেউ নদীর পাড়ে দাঁড়িয়ে উপভোগ করেন অভিনব এই আয়োজন।
দর্শনার্থীদের আনন্দ-উল্লাস দেখে মনে হয়েছে কিছুটা হলেও নৌকাবাইচের তৃষ্ণা মিটিয়েছে এই ভেলাবাইচ। তিনটি দলে বিভক্ত হয়ে মোট ৩০টি ভেলার প্রতিযোগীরা এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
