মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পাঠদান করলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ই্য়াসমিন। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে জেলার বোদা পৌর সদরের শ্রী শ্রী গোবিন্দ জিঁউ মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা বিদ্যালয়ে পরিদর্শনে যান।
এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। পাঠ্যসূচির বাইরেও জেলা প্রশাসক শিশুদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার ও সব সময় সত্য কথা বলার পরামর্শ দেন এবং তাদের মানবিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি শিশুদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গান।
পরে তিনি ছাত্র অভিভাবক ও মন্দির পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকার ও বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ হলরুমে আইন সহায়তা কার্যক্রম, সালিশি পরিষদ ও গ্রাম আদালত বিষয়ে কর্মশালায় এবং উপজেলার সুধীজনদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
