তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে দুই বই

দৃষ্টিভঙ্গি বদলাবে আগামী প্রজন্ম

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০২:০০ এএম

তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে ‘হিজড়া শব্দকোষ’ ও ‘রূপান্তরিত মানুষের গল্প’ নামে দুটি বই প্রকাশ হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ফারিয়া লারা ফাউন্ডেশনের আয়োজনে বই দুটির মোড়ক উন্মোচন হয়। বই দুটি প্রকাশে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশস্থ সুইডেন ও সুইজারল্যান্ডের দূতাবাস। এর মধ্যে ‘হিজড়া শব্দকোষ’ সম্পাদনা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আর ‘রূপান্তরিত মানুষের গল্প’ লিখেছেন লাজিনা মুনা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সেলিনা হোসেন বলেন, ‘তৃতীয় লিঙ্গের মানুষেরা সামাজিক আচরণে বঞ্চিত। সমাজের চিন্তা ও চেতনার মাঝে আলো ছড়িয়ে দিতে বই দুটি ভূমিকা রাখবে। বইগুলো পড়লে আমাদের সন্তানদের মধ্যে হিজড়া সম্প্রদায় নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে।’

জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি শামসুজ্জামান খান বলেন, ‘সামাজিক অগ্রগতি ও উন্নয়নের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের মানুষদের যুক্ত করতে হবে। এজন্য বই দুটি অনেক তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বই দুটি নিয়ে আলোচনা করেন সামিউল আলম শাম্মি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা। তারা বলেন, তৃতীয় লিঙ্গ তথা হিজড়া সম্প্রদায়ের মানুষেরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্রই অবহেলিত। নাগরিক হলেও রাষ্ট্র তাদের বিষয়ে উদাসীন। ফলে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে জীবন নিয়ে তাদের সংগ্রাম করতে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত