প্রতি বছরের মতো এবারও কবি মাহবুবুল হক শাকিল পদক-২০১৯ এর জন্য কাব্যগ্রন্থ আহ্বান করা হয়েছে। বাংলাদেশের অনূর্ধ্ব চল্লিশ বছর বয়সী একজন তরুণ কবিকে প্রদান করা হবে এই পদক। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত বই জমা দিতে হবে ১০ নভেম্বরের মধ্যে।
প্রয়াত কবি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্মৃতি রক্ষায় এই পদক প্রদান করে আসছে মাহবুবুল হক শাকিল সংসদ। প্রতি বছর ২০ ডিসেম্বর তার জন্মদিনে আনুষ্ঠানিকভাবে একজন তরুণ কবিকে এই পদক প্রদান করা হয়ে থাকে।
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে পদকের সংখ্যা ও বিষয় ক্রমান্বয়ে বৃদ্ধি করার চিন্তা রয়েছে।
যাদের জন্য পদক : ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৮-এর মধ্যে প্রকাশিত অনূর্ধ্ব চল্লিশ বছর বয়সের কবির কাব্যগ্রন্থের জন্য এই পদক প্রদান করা হবে। এর অর্থমূল্য হবে এক লাখ টাকা। শুধু বাংলাদেশের জীবিত নাগরিক এই পদকের জন্য মনোনীত হবেন। তবে পদক সম্পর্কিত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর যদি দুর্ভাগ্যক্রমে মনোনীত ব্যক্তি মৃত্যুবরণ করেন, তাহলে এই বিধি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বই জমা প্রদানের আহ্বান : প্রাথমিকভাবে একটি কমিটি পদকের জন্য লেখক অথবা বইয়ের নাম বাছাই করবে। সেখান থেকে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী পদকের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কবিতার পদকের জন্য লেখক, প্রকাশক কিংবা শুভানুধ্যায়ীর কাছ থেকে প্রতিটি বই পাঁচ কপি করে আহ্বান করা হলো। সেই সঙ্গে লেখকের বয়সের প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের ফটোকপি জমা দেওয়া আবশ্যক।
বই পাঠানোর ঠিকানা : নজীর আহমদ সিমাব, উপ-পরিচালক, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কক্ষ-৩০৫, তৃতীয় তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। যোগাযোগ : ০১৭১২-০৭২৪৭৪। বিজ্ঞপ্তি।
