ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৯:৪৬ এএম

ফেনীর সোনাগাজীতে গোয়েন্দা পুলিশ-ডিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ইকবাল আন্তজেলা ডাকাত দলের সর্দার।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন আজম খান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের মৃত আবদুর রবের ছেলে। তার বিরুদ্ধে ফেনী জেলার পাঁচটি থানা ও মিরসরাই থানায় মোট ৩৭টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, ছাড়াইতকান্দি গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে তথ্য পায় পুলিশ। পরে ফেনীর ডিবি পুলিশের একটি দল ওই গ্রামে যৌথ অভিযান চালায়।

পুলিশের আভিযানিক দল ছাড়াইতকান্দি গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন আজম খান মার্কেটের সামনে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এসময় পুলিশ পাল্টা গুলি করলে ইকবাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

ইকবালকে গুলিবিদ্ধ অবস্থায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফেনীর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জিত বডুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত