মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মো. সিরাজুল ইসলাম (৩৫) নামে এক যাত্রী মারা গেছেন। বুধবার ভোরে জেলার সদর উপজেলার খোয়াজপুর এলাকায় খুলনাগামী দিদার পরিবহনের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
সিরাজুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার ঝাউকান্দি এলাকার আইয়ুব আলীর ছেলে।
এ সময় আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পরিবহনটি খুলনা যাচ্ছিল। ভোরে মাদারীপুরের খোয়াজপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় বাসটি।
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আমজেদ হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারে অংশ নেয়। দুর্ঘটনায় এক যাত্রী মারা গেছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
