স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা দেশে সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযান পার্বত্য চট্টগ্রামেও চলবে। কারণ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের কোনো অবিচ্ছেদ্য অংশ নয়।
বুধবার দুপুরে খাগড়াছড়ির রামগড়ের নবনির্মিত থানা ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যখন যেখানে যা প্রয়োজন সরকার তখন তা করবে।
পরে মন্ত্রী রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী এক বিশাল সমাবেশে যোগদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাক্সফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা, বাংলাদেশ বর্ডার গার্ড এর মহাপরিচালক মো. সাফিনুল ইসলাম, চট্টগ্রামের ডিআইজি খন্দকার গোলাম ফারুক প্রমুখ।
উল্লেখ্য, বিগত সরকারের সময়ে ২০১৫ সালে ৮ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি রামগড়ের থানা ভবন ও ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গণপূর্ত বিভাগের অর্থায়নে ৭ কোটি ৩৫ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণ শেষে চলতি বছরের গত জুন মাসে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়।
