রাসমোহন ভৌমিক স্মৃতি সম্মাননা পাচ্ছেন যারা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৫:৫২ পিএম

সংগীত-সরণি সংস্কৃতি চর্চাকেন্দ্রের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় গুণী সংস্কৃতিজনকে রাসমোহন ভৌমিক স্মৃতি সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে ২৫ অক্টোবর বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে গুণীজনদের হাতে পদক তুলে দেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এবার পদক পাচ্ছেন ঝুনা চৌধুরী (থিয়েটার), মীর বরকত (আবৃত্তি), আশরাফুল আলম পপলু (চারুকলা), মুনমুন আহমেদ (নৃত্য), কমল খালিদ (সংগীত) ও গোলাম মোস্তফা (প্রবাসী সংস্কৃতিজন ও চলচ্চিত্র নির্মাতা)।

এ প্রসঙ্গে সংগীত-সরণি সংস্কৃতি চর্চাকেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রাবন্তী পাল তন্বী বলেন, “অনেক কাজ অসমাপ্ত রেখে সংগীত-সরণির প্রতিষ্ঠাতা রাসমোহন ভৌমিক আমাদের ছেড়ে অকালে চলে গেছেন। সংগঠনের দশ বছর পূর্তি উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সম্মাননা স্মারক চালু করতে যাচ্ছি। যারা আমাদের এবার সম্মাননা পাচ্ছেন তারাও দেশের স্বনামখ্যাত গুণীজন।”

প্রতি বছর এমন আয়োজন রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তন্বী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগীত-সরণির প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক নিরঞ্জন অধিকারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত