প্রেমের টানে ভারতীয় নারী বাংলাদেশে, সীমান্তে উত্তেজনা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৯:৩৪ পিএম

প্রেমের টানে ভারতীয় এক খাসিয়া নারী বাংলাদেশে চলে আসার ঘটনায় সিলেটের জৈন্তাপুর সীমান্তে হুলুস্থুল কাণ্ড ঘটছে।

ওই নারীকে ফেরত না পেয়ে গত মঙ্গলবার বিকেলে একদল সশস্ত্র খাসিয়া বাংলাদেশে অনুপ্রবেশ করে বাংলাদেশি এক যুবক ও মাঠ থেকে শতাধিক গরু ধরে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

এ অবস্থায় উত্তেজনা নিরসনে বুধবার জৈন্তাপুরের টিপরাখলা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় নারীকে ফেরত দিতে বিজিবি এবং ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি যুবক ও গরুগুলো ফেরত দিতে বিএসএফ সম্মত হলে সীমান্তের উত্তেজনা সাময়িক প্রশমিত হয়েছে।

এদিকে বাংলাদেশে আসা ভারতীয় নারী ও তার বাংলাদেশি প্রেমিক চারদিন আত্মগোপনে থাকলেও বুধবার ওই নারীকে মৌলভীবাজারের জুড়ি উপজেলা থেকে আটক করেছে পুলিশ। তাকে জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবির জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আবদুল কাদির জানান, জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তের টিপরাখলা গ্রামের মৃত হারিছ উদ্দিন ওরফে আনাই মিয়ার ছেলে ‌এক সন্তানের জনক ফিরোজ মিয়া (৩৫) প্রায়ই ভারতে আসা-যাওয়া করতেন। এই সুবাদে ভারতের এসপিটিলা এলাকার হেওয়াই বিস্তর চংকর খাসিয়ার স্ত্রী পাঁচ সন্তানের জননী কারেংশুর (৪০) সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত শনিবার কারেংশু প্রেমিক ফিরোজের হাত ধরে বাংলাদেশে চলে আসেন।

এরপরই ভারতীয় খাসিয়ারা বিষয়টি বিএসএফকে জানায়। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে কারেংশুকে দুইদিনের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ফিরোজ ও কারেংশু আত্মগোপন করায় বিড়ম্বনার সৃষ্টি হয়।

জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার জানান, বৈঠকে সীমান্তে  শান্তিপূর্ণ অবস্থা অক্ষুণ্ন রাখতে দুই দেশ সম্মত হয়েছে। ভারতীয় নারীকে দ্রুততম সময়ের মধ্যে ফেরত দেওয়া হবে বলে জানালে বিএসএফও বাংলাদেশি যুবক ও গরুগুলো ফেরত দিতে সম্মত হয়।

বুধবার সন্ধ্যায় বিজিবির ক্যাম্প কমান্ডার আরো জানান, ইতোমধ্যে ভারতীয় নারীর সন্ধান পাওয়া গেছে। তাকে মৌলভীবাজারের জুড়ি থানা পুলিশের সহায়তায় সেখানে আটক করে জৈন্তাপুরে নিয়ে আসা হচ্ছে। এরপর সুবিধাজনক সময়ে তাকে ফেরত দিয়ে বাংলাদেশি যুবক ও গরুগুলো ফেরত আনা হবে বলেও তিনি জানান।                   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত