শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের মধুটিলা ইকোপার্কে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন হয়েছে। গতকাল বুধবার দুপুরে ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিছুর রহমান ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মেঘালয়ের তুরা সেক্টর কমান্ডার ডিআইজি ভিজে কুমার থাপালিয়াল।
সম্মেলনে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সীমান্তের বিভিন্ন সমস্যা সুষ্ঠুভাবে সমাধানকল্পে বিস্তারিত আলোচনা করা হয়। এই অঞ্চলে গত এক বছরে কোনো সীমান্ত হত্যা না থাকায় উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করে এই ধারাবাহিকতা বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ হয়।
