সম্মাননা অনুষ্ঠানে আনিসুজ্জামান

আমি ছাত্ররাজনীতির নই, গুণ্ডামির বিপক্ষে

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১২:১৭ এএম

বিশ্ববিদ্যালয়কে মুক্তচিন্তার ক্ষেত্র উল্লেখ করে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ছাত্ররাজনীতির নামে গুণ্ডামি হচ্ছে অপরাধ। আমি এর বিপক্ষে, তবে ছাত্ররাজনীতির বিপক্ষে নই। রাজধানীর হাটখোলা রোডে গতকাল বুধবার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ড. আনিসুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মত-দ্বিমত থাকবে। যুক্তি থাকবে এবং এর খণ্ডন থাকবে।’

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারজনকে সম্মাননা জানিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ছাড়া অন্যরা হলেন প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী, সাহিত্যিক রাবেয়া খাতুন এবং শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। তবে অসুস্থতার কারণে রাবেয়া খাতুন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, তবে সেই উন্নয়নের অন্তরালে অনেক অন্ধকার রয়ে গেছে। শিক্ষার আলো দিয়ে এ অন্ধকার দূর করতে হবে।

রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষার মাধ্যমে যে মূল্যবোধ তৈরি হয়, পরিবার থেকেই তার চর্চা করতে হবে। শতকরা ৮০ ভাগ নারী ঘরেই নির্যাতনের শিকার হন। তাই অন্যায়ের বিরুদ্ধে ঘর থেকেই প্রতিবাদ করতে হবে। সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান বলেন, ‘এই আত্মত্যাগী মানুষদের যথার্থ সম্মান জানানোর ক্ষমতা আমাদের নেই। বরং তারা যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন, তাতে আমরাই সম্মানিত বোধ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত