মোদির আমলে গণপিটুনি বাড়েনি, দাবি অমিতের

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৩:৫২ পিএম

নরেন্দ্র মোদির আমলে ভারতে গণপিটুনি বাড়েনি বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপির সময় দেশে গণপিটুনির জেরে হত্যা বাড়ছে, এই দাবিকে উড়িয়ে দিয়ে অমিত বলছেন, এই মুহূর্তে গণপিটুনি আটকাতে আলাদা করে আইন প্রণয়নেরও কোনো প্রয়োজনীয়তা নেই।

বুধবার ‘নিউজ এইট্টিন’কে সাক্ষাৎকার দেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, ‘যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয় তবে তার বিচারের জন্যে ৩০২ ধারা রয়েছে। এটা দেশের সর্বত্র প্রযোজ্য। বিজেপি সরকার এমন ঘটনা সামনে এলেই তদন্ত করেছে, অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিটও গঠন করা হয়েছে।’

কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই গণপিটুনির শিকার হওয়া ব্যক্তি কেন মুসলিম? এমন প্রশ্নের উত্তরে অমিত শাহর দাবি, ‘প্রহৃত ব্যক্তি সবসময় মুসলমান এইভাবে চিহ্নিত করা ঠিক নয়, বিশ্লেষণ করলে দেখা যাবে এই ধরনের ঘটনা শিকার যারা হন, তারা দরিদ্র।’

ভারতীয় গণমাধ্যম বলছে, গত কয়েক বছরে সেদেশে অনেক গণপিটুনির ঘটনা সামনে এসেছে। ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে অনেককে। বাড়িতে গো মাংস রাখা রয়েছে সন্দেহে বা  গো-মাংস নিয়ে যাওয়ার জন্যেও উন্মত্ত জনতা রাস্তায় ফেলে পিটিয়েছে দেশটির অনেক নাগরিককে। উন্মত্ত জনতার মুখে শোনা গেছে ‘জয় শ্রীরাম’ ধ্বনি।

এই আবহে ভারতের সুপ্রিম কোর্ট গত বছর সরকারকে পরামর্শ দেয়, গণপিটুনি আটকাতে নতুন আইন আনার জন্যে। এক বছর পেরিয়ে গেলেও সে ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বিজেপি সরকারের পক্ষ থেকে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে অমিত বলেন, ‘আইন তো আছেই। দরকার এই বিষয়গুলোতে আইন মেনে তদন্ত। এই তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যে অ্যাডভাইজরি জারি করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত