হলে গাঁজা সেবন

কুবি ছাত্রলীগের দুই নেতার কক্ষ সিলগালা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১১:১৫ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনকালে দুই ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে হল প্রশাসন। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে হলের ৫০৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরে রুমটি সিলগালা করে দেয় কর্র্তৃপক্ষ।

আটকরা হলো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-সাহিত্যবিষয়ক সম্পাদক জসীম উদ্দিন বিজয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব কুমার কর এবং পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের খলিলুর রহমান শিবলু।

হল প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সন্ধ্যায় হল পরিদর্শনে যান বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. জিয়াউদ্দিন। এ সময় তিনি ৫০৬ নম্বর কক্ষে গাঁজার গন্ধ পেয়ে তাতে অভিযান চালান। তল্লাশি চালিয়ে টেবিলের ড্রয়ার থেকে তিন প্যাকেট গাঁজা, বালিশের নিচ থেকে হাতুড়ি, সাদা রঙের মাদকদ্রব্য এবং তিনটি ফোন জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে কক্ষটি সিলগালা করা হয়।

প্রাধ্যক্ষ বলেন, ‘মাদক সেবনরত অবস্থায় তিনজনকে পাওয়ার পর কক্ষটি সিলগালা করে দেই। ওই তিনজনকে হলে আসতে নিষেধ করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত