মতবিনিময় সভায় চট্টগ্রামের ডিসি

পেঁয়াজ নিয়ে কালোবাজারি চলবে না

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০১:০৭ এএম

পেঁয়াজ নিয়ে কালোবাজারি চলবে না বলে ব্যবসায়ীদের হুঁশিয়ার করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি বলেন, আমদানিকারকদের কাছ থেকে কেনা পেঁয়াজের রসিদ থাকতে হবে কমিশন এজেন্টদের। রসিদ নেই এমন অজুহাত চলবে না। আমদানিকারকের ঠিকানাসহ সব তথ্য সংরক্ষণ করতে হবে পাইকার ও আড়তদারদের। আমদানি করা পেঁয়াজের রসিদ দেখাতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খাতুনগঞ্জের ব্যবসায়ী ও পেঁয়াজের আড়তদারদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘কালোবাজারি করার সুযোগ নেই। রসিদ প্রদর্শন করবেন, যাতে আমদানিকারকের সব ঠিকানা থাকবে, আমরা ফোন করে কথা বলব তাদের সঙ্গে। অতি মুনাফার জন্য জনগণকে জিম্মি করা চলবে না।’ তিনি আরও বলেন, ‘প্রশাসন তখনই হস্তক্ষেপ করে, যখন দাম নিয়ে মানুষের নাভিশ্বাস ওঠে। অতি মুনাফার লোভ থেকে সরে আসতে হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম মতবিনিময় সভায় বলেন, ৪২ টাকার পেঁয়াজ ব্যবসায়ীরা এখনো ৭০ টাকায় বিক্রি করছেন। পাহাড়তলী বাজারে সকালেও এই দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এসব পেঁয়াজ মিয়ানমার থেকে আমদানি করা। আর মিয়ানমারের যেসব পেঁয়াজ পচে গেছে বলা হচ্ছে তার পরিমাণ ৫-১০ শতাংশ। এসব ইচ্ছে করেই কারসাজি করা হচ্ছে।

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দিনে-রাতে মহানগরী ও জেলায় পেঁয়াজের ট্রাক চলাচলের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক আরও বলেন, ‘যদি প্রমাণ পাই কেউ অধিক মুনাফা করতে না পেরে ট্রাক ফিরিয়ে দিচ্ছেন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজ যাতে দ্রæত খালাস হয়, সে জন্য কাস্টমসকেও জানানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত