সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ২

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১১:১৪ এএম

চাঁদাবাজি করতে গিয়ে শরীয়তপুরে ব্যবসায়ীদের হাতে আটক হয়েছেন কথিত দুই সাংবাদিক। পরে তাদেরকে পুলি‌শে সোপর্দ করে চাঁদাবাজির মামলায় আসামি করা হয়।

বৃহস্পতিবার বি‌কে‌ল সা‌ড়ে ৫টার দি‌কে কথিত দুই সাংবাদিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটকৃতরা হলেন- শরীয়তপুর সদর উপ‌জেলার দ‌ক্ষিণ বালুচড়া গ্রা‌মের মো. জামাল শে‌খের ছে‌লে মঞ্জুরুল ইসলাম র‌নি (৩২) ও বা‌ঘিয়া গ্রা‌মের মৃত হারুন শে‌খের ছে‌লে ‌শেখ নজরুল ইসলাম (৩০)।

র‌নির কা‌ছে সিএনএন বাংলা টি‌ভি ও নজরুলের কা‌ছে দৈ‌নিক প্রভাতি খবরের পরিচয়পত্র পায় পু‌লিশ।

পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দি‌কে শরীয়তপুরের গোসাইরহাট উপ‌জেলার না‌গেরপাড়া বাজা‌রে গিয়ে সাংবাদিক পরিচয়ে ওই দুই ব্যক্তি ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন মুদি ব্যবসায়ী মো. মিঠু সিকদারের কা‌ছে।

পরে তাদের হাতে ছয় হাজার টাকা দিয়ে দোকানে আটকে রেখে মোবাইল ফোনে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও‌) জানান ব্যবসায়ীরা।

ইউএনও পু‌লিশ‌কে বিষয়টি জানালে বিকেল সা‌ড়ে ৫টার দি‌কে তাদের আটক করে গোসাইরহাট থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রাত ১১টার দি‌কে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।

‌না‌গেরপাড়া বাজার মুদি দোকানি ‌মো. মিঠু শিকদার বলেন, ‘দুপুর ১টার দি‌কে দুই ব্যক্তি মুদি দোকানে এসে আমার কা‌ছে পলিথিন চায় । আমার দোকানে মুদি মাল বিক্রি করার জন্য যে পলিথিন রাখি তাদের তা দেখাই।’

‘তখন তারা বলেন- আপনি পলিথিনের ব্যবসা করেন; আপনাকে থানায় নিয়ে যাব। আমি বলি- আপনারা বসেন, বাজারের বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে আনি। তাদের ডাকতে গেলে আমার বাবাকে (মন্টু সিকদার) দোকানের পেছনে ডেকে নিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে ১০ হাজার টাকা দাবি করেন তারা’ যোগ করেন তিনি।

ওই মুদি দোকানি আরও বলেন, ‘বাবা তাদের ছয় হাজার টাকা দেন এবং তাদের দোকানে বস‌তে ব‌লেন। তখন আমি এসে মোবাইল ফোনে ইউএনও-কে বিষয়টি জানাই। পরে থানা পু‌লিশ এসে তাদের নিয়ে যায়।’

অতিরিক্ত পু‌লিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম জানান, চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক পরিচয় দেওয়া দুইজন‌কে আটক করে পু‌লিশ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলার বাদী মুদি দোকানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত