সাপাহার ও সীতাকুণ্ডে ২ লাশ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১০:৫০ পিএম

নওগাঁর সাপাহার উপজেলায় শোবার ঘর থেকে কিশোরী গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। তার নাম জোসনা খাতুন (১৬)।

এলাকাবাসী জানান, জোসনা খাতুন জয়পুরহাট জেলার ফারুক হোসেনের স্ত্রী। ফারুক সাপাহার উপজেলায় থেকে ফুলের চারা বিক্রি করতেন। দেড় বছর আগে উপজেলার লালমাটিয়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে জোসনাকে বিয়ে করেন। বৃহস্পতিবার রাতে তার ভাড়াবাসার মালিক মোবাইল ফোনে কল দিয়ে জানান তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে সাপাহার থানার ওসি আবদুল হাই নিউটন দেশ রূপান্তরকে বলেন, ধারণা করা হচ্ছে স্বামীর অত্যাচারের কারণে মেয়েটি আত্মহত্যা করেছেন। তার স্বামী পলাতক।

অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা-সদ্বীপ ঘাটঘর রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের লাশ (৪৮) উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল শুক্রবার সকাল ৮টায় পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠায়। নিহতের পরনের কাপড় ছেঁড়া ও রক্তের দাগ ছিল। হাতে নতুন ঘড়ি ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত