রাঙ্গামাটির কাপ্তাইয়ের নেভি রোডের কাপ্তাই-রাঙ্গামাটি সড়কের ফরেস্ট ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের (এফডিটিসি) পরিচালকের বাংলোর বারান্দায় হাতির পায়ে পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন তরুণ মো. শিপন মিয়ার (২২) মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার ভোররাত ৩টার দিকে কাপ্তাইয়ে এফডিটিসির বারান্দায় ঘুমিয়ে থাকা শিপনের ওপর আক্রমণ চালায় একটি বন্যহাতি। হাতিটি শিপনকে পায়ে পিষ্ট করে চলে যায়। সে কাপ্তাইয়ের নতুন বাজারস্থ ঢাকাইয়া কলোনির আলী আজগরের ছেলে।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন, রাত ৩টার দিকে একদল বন্যহাতি এসে ওই আক্রমণ চালায়। ইদানীং কাপ্তাইয়ের নেভি রোড, রাইখালী ও ব্যাঙছড়িসহ বিভিন্ন এলাকায় প্রতিরাতেই হানা দেয় বন্যহাতির দল। হাতির আক্রমণের কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে হাতির পায়ের চিহ্ন রয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বোঝা যায়, হাতির পায়ে পিষ্ট হয়েই তিনি মারা যান।
