সহপাঠীর ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১১:৪১ পিএম

বাগেরহাটে সহপাঠীর ছুরিকাঘাতে তালিম মল্লিক (১৯) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। পরিবারের দাবি রাজা নামে স্থানীয় এক তরুণের ছুরিকাঘাতে তালিমের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার মাজারের প্রধান গেটে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

কি কারণে রাজা নামে ওই তরুণ তালিমকে ছুরিকাঘাত করেছে তা তাৎক্ষণিকভাবে পুলিশ বা নিহতের পরিবার জানাতে পারেনি। রাজাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।  

এদিকে ছাত্রলীগ কর্মী তালিম মল্লিককে হত্যার খবর পেয়ে বাগেরহাট পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা খান হাবিবুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। সেখানে তারা নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

নিহত তালিম মল্লিক বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রামের ইয়াছিন মল্লিকের ছেলে। সে দুই বছর আগে স্থানীয় খানজাহান আলী মাদ্রাসা থেকে দাখিল পাশ করে মোটর ড্রাইভিং শিখছিল।

নিহতের বন্ধু ও ঘটনার প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, সন্ধ্যা সাতটার দিকে প্রতিদিনের মতো তালিমকে সঙ্গে নিয়ে মাজার মোড়ে চা খেতে যাই। তালিম সেখান থেকে উঠে মোবাইল ফোন রিচার্জ করতে ফ্লেক্সিলোডের দোকানে যাওয়ার পথে মাজার গেটে দাঁড়িয়ে থাকা রাজা তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমি সেখানে দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ইলিয়াস মল্লিক সাংবাদিকদের বলেন, দুই দিন আগে আমার ভাতিজা তালিমের সঙ্গে তার এক সময়ে সহপাঠী রাজার বিরোধ হয়। তবে সেই বিরোধটা কি নিয়ে তা জানতে পারিনি। সেই বিরোধের জেরে রাজা ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে দাবি করেন তিনি। তিনি তার ভাতিজার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান বলেন, নিহত তালিম মল্লিক ছাত্রলীগের সব ধরনের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিত। তার দলে কোন পদ না থাকলেও সে একনিষ্ঠ কর্মী ছিল। তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে পুলিশের কাছে দাবি জানান তিনি।

বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মো. রাফিউল হাসান বলেন, তালিম মল্লিক নামে এক তরুণকে মৃত অবস্থায় তার স্বজনরা নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার বুকের বাম দিকে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দীন বলেন, নিহতের পরিবার রাজা নামে অপর এক তরুণের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ করেছে। কি কারণে ওই তরুণ তালিমকে ছুরিকাঘাত করল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ ওই তরুণকে ধরতে ইতিমধ্যে অভিযান চালাচ্ছে। আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রেখেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত