হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাইপবোঝাই একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ট্রাকের চালকও। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে।
নিহতরা হলেন- ট্রাক চালক বাবু মিয়া (৩৫) ও হেলপার রহমত আলী (২৫)। দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নাকরাজ পাড়ায়।
আহত অপর ট্রাক চালক শাহ আলমকে (৩০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উত্তর রসুলপুর গ্রামে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, শায়েস্তাগঞ্জ অলিপুর আরএফএল এর কারখানা থেকে পাইপবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২০- ০৩৬৪) সিলেট যাবার সময় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪- ৬৩১৬) মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই মারা যান পাইপবোঝাই ট্রাকের চালক বাবু মিয়া ও হেলপার রহমত আলী।
খবর পেয়ে হাইওয়ে থানা, বাহুবল থানার পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ট্রাকের বডি কেটে হতাহতদের উদ্ধার করেন।
ওসি জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ দুটি ট্রাক আটক করেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
