সাভারে আ. লীগ নেতা মজিদ হত্যার আসামি সুজাত গ্রেপ্তার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৭:৩১ পিএম

সাভারের কোটবাড়িতে আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সুজাত আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত শুক্রবার গভীর রাতে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪-এর একটি দল। এর আগে একই মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

র‌্যাব-৪ (সিপিসি-২)-এর অধিনায়ক মেজর শিবলী সাদিক দেশ রূপান্তরকে জানান, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হত্যার ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এর পর থেকে মামলার আসামিরা পালিয়ে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা সুজাতকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ (সিপিসি-২)-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাজিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘গ্রেপ্তার সুজাত জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে আজ (গতকাল শনিবার) দুপুরে তাকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লায় নিজ বাসায় ফেরার পথে প্রতিপক্ষের গুলিতে খুন হন পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ। এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরও একজন। ইতিমধ্যে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত