নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘ ১৬ বছর পর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে এই সম্মেলন হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাবেক সাংসদ মো. আলী সভাপতি ও মহিউদ্দিন আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একইসঙ্গে ৬৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
স্থানীয় সাংসদ আয়েশা ফেরদৌস বলেন, ‘পূর্বের যেকোনো সময়ের তুলনায় বর্তমান হাতিয়া আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এর ফল ভোগ করছে গোটা দ্বীপবাসী। এখন থেকে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নদীভাঙন ও বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক ওয়ালী উল্যা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কবি মোস্তফা ইকবাল, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কেফায়েত উল্যা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবলু ও এ টি এম সিরাজ উদ্দিন প্রমুখ।
