রাজধানীতে সিটিং নাম দিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা, অনিয়ম ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিল ও মানবাধিকার জোট। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংগঠন দুটির নেতারা এ দাবি জানান। তারা বলেন, ঢাকাসহ সারা দেশে সিটিং নামে পরিবহনগুলো চিটিং করছে। প্রকাশ্যে ভাড়া নিয়ে নৈরাজ্য হচ্ছে। বিন্দুমাত্র সেবা নেই। এর সঙ্গে যোগ হয়েছে কিলোমিটারপ্রতি ভাড়া না নিয়ে নির্দিষ্ট স্টপেজে চেকিং বসিয়ে বাড়তি ভাড়া আদায়। লোভী মালিকরা অদক্ষ চালক-শ্রমিক দিয়ে গাড়ি পরিচালনা করছে। ফলে ফিটনেসবিহীন বেপরোয়া গাড়ি অহরহ কেড়ে নিচ্ছে প্রাণ। এসব অনিয়ম দূর করে গণপরিবহনে ভাড়া নির্ধারণের পাশাপাশি যাত্রীসেবার মান বাড়ানোর দাবি জানান নেতারা।
মানববন্ধনে মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক, যুগ্ম মহাসচিব গোলাম ফারুক মজনু, প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
