দেশে জঙ্গিবাদের কারণ অনুসন্ধান ও সমাধানের চেষ্টা করবে বেসরকারি সংস্থা সেন্টার ফর সোশ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিসার্ফ)। সংস্থাটির সহায়ক হিসেবে থাকবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম। গতকাল শনিবার ‘ঢাকা পিস টক’ শীর্ষক এক অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে ডিএমপির মিডিয়া সেন্টারে সিসার্ফ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং সিসার্ফের নির্বাহী পরিচালক শবনম আজিম উপস্থিত ছিলেন।
সিটিটিসি প্রধান মনিরুল বলেন, ‘উগ্রবাদ সৃষ্টির কোনো নির্দিষ্ট কারণ নেই। যারা মানসিকভাবে দুর্বল, যাদের মধ্যে দেশপ্রেম নেই, মানুষের প্রতি দায়িত্ববোধ নেই, মতাদর্শিক জায়গায় যাদের পরিষ্কার ধারণা নেই, টলারেন্স নেই, জীবনের বাস্তবতা যারা মেনে নিতে পারেন নাÑ তারাই সংক্ষিপ্ত পথে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছেন। সহিংস উগ্রবাদ বা সন্ত্রাসবাদ দমনের মতো দীর্ঘমেয়াদি জটিল কাজ কোনো সুনির্দিষ্ট বাহিনী, সংস্থা ও ব্যক্তির পক্ষে সম্ভব নয়।’ শবনম আজিম বলেন, ‘যে কারণগুলো মানুষকে উগ্রবাদের পথে নিয়ে যায় সিসার্ফ সেগুলো শনাক্ত করার চেষ্টা করবে। পাশাপাশি শুধু সমস্যা নির্ণয় নয়, সমাধানেরও পথ দেখাবে। এ কাজের জন্য প্রথমে ৩৬ জন বিশিষ্ট নাগরিকের একটি প্যানেল তৈরি করা হবে। এরপর ১২টি ইস্যুতে অনুষ্ঠেয় ডায়ালগে সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেবেন।’
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, “হলি আর্টিজান হামলার পর থেকে বিভিন্ন স্থানে এ ধরনের কার্যক্রম চালু ছিল। ‘ঢাকা পিস টক’ সাংগঠনিকভাবে করার চেষ্টা করছে। প্রাথমিকভাবে এটির কার্যক্রম ঢাকায় হচ্ছে। পরে দেশের অন্যান্য জায়গায় পরিচালিত হবে।
