পটুয়াখালীর বাউফলে দুবাই ফেরত এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৮টায় উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।
হত্যাকাণ্ডের শিকার সিদ্দিক শরীফ ওই এলাকার আইজদ্দিন শরীফের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিদ্দিক শরীফ দুবাই থেকে এসে মুদি, ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো সিদ্দিক তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে, বাড়ির দক্ষিণ পাশে তাকে গলা কেটে ফেলে রাখে দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা দেখে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড তার কিছুই জানাতে পারেনি নিহতের পরিবারের সদস্যরা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার গুরত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। কি কারণে হত্যাকাণ্ড হয়েছে তার কারণ উদ্ঘাটনসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
