শেরপুরে ধানক্ষেতে মাদক ব্যবসায়ীর মরদেহ

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৩:১৭ পিএম

শেরপুরের শ্রীবরদীতে রেজাউল করিম রাজু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের দিগদারি গ্রামের ধানক্ষেতের পাশে পরিত্যক্ত স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজু পার্শ্ববর্তী গড়খোলা গ্রামের মৃত মোনায়েম সওদাগরের ছেলে।

পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এ ব্যাপারে তার নামে শ্রীবরদী থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।

এদিকে পুলিশ মাঝেমধ্যে ওই এলাকায় অভিযান চালায়। শনিবার দিবাগত রাতে তিনি পুলিশের ভয়ে ঘর থেকে বের হয়ে আত্মগোপনে যায়। ভোরে দিগদারি গ্রামের মোরাদুজ্জামানের বাড়ি সংলগ্ন ধানক্ষেতের পাশে পরিত্যক্ত স্থানে রাজুর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এ সময় তার চোখ দিয়ে রক্ত বের হয়েছিল। খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে রাজুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় রাজুর স্ত্রী নাছমিন বেগম বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য উদঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত