ইলিশ নিধন রোধে চাঁদপুরে নৌ-র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার লঞ্চযোগে এই প্রচার চালানো হয়। হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর নেতৃত্বে এই র্যালি অনুষ্ঠিত হয়।
হাইমচর তেলিরমোড় থেকে দক্ষিণ চরভৈরবী এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় মেঘনা নদীতে এ র্যালিতে উপজেলা প্রশাসন, রাজনীতিক, মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ নিধন বন্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বরিশাল, লক্ষ্মীপুর, শরীয়তপুর ও চাঁদপুরের কিছু অসাধু জেলে ও ব্যবসায়ীর যোগসাজশে নদীতে মা ইলিশ নিধন করার খবর পেয়েছি। তাই আমরা জনসাধারণকে সচেতন করার জন্য ইলিশ নিধন রোধ করতে লঞ্চযোগে প্রচার চালিয়েছি।
