গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে মূল্যবান ফাইলপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওই অধিদপ্তরের তালাবদ্ধ অফিসে অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
জানা গেছে, কোটালীপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৩য় তলায় এ অফিসের অবস্থান। অফিসের নাইট গার্ড ছলেমান মীর প্রকৌশলী দেবাশীষ বাগচীর রুমে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কোটালীপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী জানান, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্কুলের সাইন্স ল্যাবের জন্য জাইকার ক্রয়কৃত ২০ লাখ টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ফটোকপি মেশিন,
সোফাসেট, অফিস ডেকোরেশন, আসবাবপত্র পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডে অফিসের উপজেলা প্রকৌশলীর রুমের সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে। আমরা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।
