ট্রেনের গতি কম থাকায় দাঁড়িয়ে পড়তে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাঁচ শিশু শিক্ষার্থী। ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী থ্রি হুইলারটি ছিটকে পড়ে ও দুমড়ে-মুচড়ে যায়। যশোরের ঝিকরগাছা উপজেলার বামনআলী গ্রামের রেলক্রসিংয়ে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আহত শিশুরা বামনআলী গ্রামের আইডিয়াল চাইল্ড একাডেমির শিক্ষার্থী। বিদ্যালয় ছুটির পর তারা একটি থ্রি হুইলারে করে বাড়ি ফিরছিল। তাদের বাহনটি রেলপথে ওঠার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একই সময় যশোর-বেনাপোল রুটের ট্রেন এসে হাজির হয় এবং থ্রি হুইলারটিকে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে এক পাশে পড়ে। একই সঙ্গে কম গতির ট্রেনটিও সেখানে থেমে যায়।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ট্রেনের চালক দূর থেকে থ্রি হুইলারটিকে দেখে তার ইঞ্জিন বন্ধ করে দেন। এ কারণে ট্রেন থ্রি হুইলারটিকে ধাক্কা দিয়ে সেখানেই থেমে যায়। এরপর ট্রেনের চালকসহ স্থানীয়রা আহত শিশুদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। গ্রামের ভেতরে ট্রেনের লাইনে গেটম্যান নেই।
আহতরা হলো– ইয়ামিন হাসান জিহাদ (৬), তাহসিন মাহমুদ (৪), মোস্তাকিম (৫), মিম (১১), লাবিবা (৭) ও থ্রি হুইলারের চালক সুজন কান্তি (৪০)।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক তৌফিক আনোয়ার জানান, আহত মিম ও চালক সুজনের অবস্থা গুরুতর। তাদের সিটি স্ক্যান করতে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না।
