মহাকালের তিন যুগ পূর্তিতে

‘বাংলা নাট্য উৎসব’ শুরু

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১১:৩৫ পিএম

বাংলা ঢোলের তালে লোকসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হলো মহাকাল নাট্য সম্প্রদায়ের তিন যুগ পূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী ‘বাংলা নাট্য উৎসব’। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ উৎসব উদ্বোধন করেন ভারতের ত্রিপুরা সরকারের চিফ হুইপ কল্যাণী রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও আতাউর রহমান। বাংলা ভাষার ৩১টি নাটক নিয়ে এ উৎসব চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন, নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন এবং দনিয়া স্টুডিও থিয়েটার মিলনায়তনে উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে। বাংলাদেশের ২৬টি নাটক ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের ৫টি নাটক মঞ্চস্থ হবে। গতকাল উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ। সভাপতিত্ব করেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। উদ্বোধনী সন্ধ্যায় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’। আনন জামানের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন। পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাট্যচক্র মঞ্চস্থ করে ‘একা এক নারী’। দারিও ফো ও ফ্রাংকা রামের লেখা থেকে অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন দেবপ্রসাদ দেবনাথ।

মহাকাল নাট্য সম্প্রদায়ের মীর জাহিদ হাসান জানান, উৎসবে ভারতের আসাম রাজ্য থেকে ‘ভাবীকাল থিয়েটার’, পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ‘এবং আমরা’ থিয়েটার ও ‘রঘুনাথগঞ্জ থিয়েটার’, ত্রিপুরা রাজ্য থেকে ‘শুভম নাট্যচক্র’ ও ‘লারনার্স থিয়েটার’ অংশগ্রহণ করছে। বাংলাদেশ থেকে আয়োজক নাট্যদল ছাড়াও অংশ নিচ্ছে দেশনাটক, প্রাচ্যনাট, থিয়েটার আর্ট ইউনিট, নাট্যচক্র, বুনন থিয়েটার, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, আরণ্যক নাট্যদল, থিয়েটার সার্কেল, ঢাকা থিয়েটার, ব্যতিক্রম নাট্যগোষ্ঠী, নাট্যতীর্থ, নাট্যম রেপর্টরী, লোক নাট্যদল (বনানী), সময়, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল, বটতলা, অনুরাগ থিয়েটার, চন্দ্রকলা থিয়েটার, নবনাট, পদাতিক নাট্য সংসদ (টিএসসি), বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা কেন্দ্র, কথক, নাট্যযোদ্ধা ও বাংলা নাট্যদল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত