ভোলার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে : হাইকোর্ট

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৩:৩২ এএম

ভোলার বোরহানউদ্দিনে ধর্ম অবমাননার গুজবের জেরে পুলিশ-জনতা সংঘর্ষে হতাহতের ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হতে পারে বলে মনে করছে হাইকোর্ট। এ বিষয়টি নজরে আনার পর গতকাল সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে সরকারকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে।

বোরহানউদ্দিনে ফেইসবুকে মহানবী (সা.)-এর অবমাননা করে বক্তব্য প্রচারের সূত্র ধরে গত রবিবার ‘তৌহিদী জনতা’র

ব্যানারে একদল ব্যক্তির সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত ও পুলিশসহ দেড় শতাধিক আহত হয়। ওই ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গতকাল হাইকোর্টের নজরে এনে বিচারিক তদন্তের নির্দেশনা চান সুপ্রিম কোর্টের আইনজীবী রনিউল ইসলাম। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

হাইকোর্ট বলে, এত বড় ঘটনা ঘটে গেল, এটি রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও পরিস্থিতিকে অস্থিতিশীল করার পাঁয়তারা হতে পারে। ষড়যন্ত্রকারীরা যাতে কোনো সুযোগ নিতে না পারে সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

এ ঘটনায় সরকার ও প্রশাসনের গৃহীত পদক্ষেপ আদালতের সামনে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আদালতের বরাতে তিনি বলেন, ‘সরকার এ বিষয়টি দেখছে। প্রশাসন ত্বরিত ব্যবস্থা নিয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাই হাইকোর্ট এখনই এ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। ঘটনার সঠিক তদন্ত হোক সেটি সবাই চায়। যে-ই দোষী হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে আদালত। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টরা যদি কোনো কারণে ব্যর্থ হয় তখন হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে জানিয়েছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত