জাতীয় নিরাপদ সড়ক দিবসের দিনেই ট্রাক চাপায় প্রাণ গেল মহিদুল ইসলাম লিয়ন (১৩) নামে এক স্কুলছাত্রের।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর শহরতলির ঝিনাইদহ সড়কে নতুন খয়েরতলা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়নের বাবা সেনাসদস্য মাহাবুবুর রহমান। তারা যশোর শহরের আরবপুর পাওয়ার হাউজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। লিয়ন যশোর সেনানিবাস এলাকার দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
যশোর কোতোয়ালি থানার এসআই মনিরুল ইসলাম জানান, লিয়ন বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল। পেছন থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার সারা দেশের মতো যশোরেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জীবনের আগে জীবিকা নয়; সড়ক দুর্ঘটনা আর নয়’। এ উপলক্ষে সকাল ৯টায় যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে সড়ক বিভাগ, বিআরটিএ-এর কর্মকর্তা-কর্মচারী ও নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মীরা অংশ নেন।
