ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে অপপ্রচার ধর্মীয় ও সরকার বিরোধী উসকানিমূলক বক্তব্য প্রচার করায় কুমিল্লায় দুই জনকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
আটককৃতরা হলেন কুমিল্লা দেবিদ্বার উপজেলা সদরের মো. গোলাম নবীর ছেলে আব্দুল্লাহ আল মুজাহিদ ও একই উপজেলার ফতেহাবাদ গ্রামের মজিদ সরকারের ছেলে শফিকুল ইসলাম ওরফে মধু শফিক।
সকালে কুমিল্লা পুলিশ অফিসে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে আটকের বিষয় তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন।
তিনি জানান, আব্দুল্লাহ আল মুজাহীদ ও শফিক আহমেদ নামের দুইটি ফেইসবুক আইডি হতে হযরত মুহাম্মদ (স:) কে কটূক্তি করার কারণে ভোলার ঘটনা নিয়ে ফেইসবুকে অপপ্রচার ধর্মীয় ও সরকার বিরোধী উসকানিমূলক বক্তব্য প্রচার করে। বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করে জড়িতদের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে পৃথকস্থান থেকে জেলা গোয়েন্দা শাখা, এলআইসি টিম ও দেবিদ্বার থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আব্দুল্লাহ আল মুজাহিদ ও শফিকুল ইসলাম ওরফে মধু শফিককে আটক করে।
আটককৃতদের সাথে কোন জঙ্গি ও নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পর্ক রয়েছে কিনা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
