ভারতের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে আবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কাউকে বাংলা ছেড়ে যেতে হবে না, সবাই থাকবে বাংলায়। তিনি নিজেই পাহারাদার হবেন।
গত সোমবার পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহরে তৃণমূল আয়োজিত এক অনুষ্ঠানে এমন কথা বলেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘এই রাজ্যে এনআরসি হবে না, হতে দেব না, কাউকে বাংলাও ছেড়ে যেতে হবে না, সবাই থাকবে এই বাংলায়। এখানে কোনো বিভাজন করতে দেওয়া হবে না। আমি আপনাদের পাহারাদার। আমি এই বাংলায় এনআরসি হতে দেব না। নাগরিকত্ব সংশোধনী বিল আমরা সমর্থন করি না।’
মমতা বলেন, চূড়ান্ত এনআরসির তালিকা থেকে আসামে ১৯ লাখ মানুষকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হিন্দু, মুসলিম, নেপালি, গোর্খা, রাজবংশী, হিন্দিভাষী পাহাড়ি ভাই-বোনেরা। আজ এনআরসির নামে রাজবংশীদের ভুল বোঝানো হচ্ছে। ভুল বোঝানো হচ্ছে অন্যদের। তবে আমরা এখনো তাদের পাশে রয়েছি।’
