পদ্মা সেতুতে বসানো হয়েছে ১৫তম স্প্যান। গতকাল মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ২৩ ও ২৪ নম্বর পিলারে বসানো হয় এই স্প্যান। এর মধ্য দিয়ে ২ হাজার ২৫০ মিটার অর্থাৎ সোয়া দুই কিলোমিটার সেতু দৃশ্যমান হলো। আরও ২৬টি স্প্যান বসানোর বাকি রয়েছে।
পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ১৪ অক্টোবর স্প্যানটি জাজিরারচর থেকে ২৩-২৪ নম্বর পিলারের কাছে নেওয়ার জন্য রওনা করা হয়। কিন্তু পদ্মা অববাহিকায় নাব্যতা সংকটে স্প্যানটি পিলারের কাছে যেতে বিলম্ব হয়। দীর্ঘ চার মাস পর সেতুর ১৫তম স্প্যানটি ২৩ ও ২৪ নম্বর পিলারের ওপর বসানো হয়। তিনি জানান, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও পাঁচটি স্প্যান প্রস্তুত রয়েছে। চারটি স্প্যান কনস্ট্রাকশন ইয়ার্ডে আছে ও একটি চর এলাকায় ২৮ নম্বর পিলারের কাছে রাখা আছে। এখন নিয়মিতভাবে আবার পিলারে স্প্যান বসানোর কাজ করা হবে।
