গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেট আটকে দিয়ে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা তারা এ মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় ফারিয়ার সদস্য ছাড়াও বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেট আটকে ফারিয়ার এ মানববন্ধন ও সমাবেশে কমপ্লেক্সে আসা শত শত রোগী ভোগান্তির শিকার হন। পাশাপাশি তাদের এ মানববন্ধন ও সমাবেশে উপজেলার অতি গুরুত্বপূর্ণ শহীদ ময়েজউদ্দিন সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারী পথচারীরাও।
হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন বলেন, তারা মানববন্ধন ও সমাবেশ করে করুক, কিন্তু হাসপাতল গেট বন্ধ করে কেন?
হাসপাতালের গেট বাদ দিয়ে উপজেলা পরিষদ চত্বরে তাদের এ কর্মসূচি পালন করা যায় কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস অ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, হাসপাতালকে ঘিরেই আমাদের চাকরি, তাই হাসপাতাল গেটেই করতে হবে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছাদেকুর রহমান আকন্দ জানান, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মানববন্ধন ও সমাবেশ করতে অনুমতি চেয়েছিল। আমি তাদের অনুমতি দিইনি।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফারিয়া কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান বাবুল। বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, সাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান, ফরিদুল ইসলাম প্রমুখ।
