ময়মনসিংহের ভালুকায় বিয়ের দাবিতে মহসিন আলম নামে এক যুবলীগ নেতার বাড়িতে অনশন করছেন তার প্রেমিকা (২২)। অনশনে বসার পর অভিযুক্ত যুবলীগ নেতা বাড়ি ছেড়ে গা-ঢাকা দিয়েছেন। ঘটনাটি উপজেলার বিরুনীয়া বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিরুনীয়া বাজার এলাকার আবদুল হেলিম ফকিরের ছেলে ৫ নম্বর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলমের সঙ্গে একই এলাকার মেয়ে ও পাশের গফরগাঁও উপজেলার রাতাইচাটি গ্রামের একজনের স্ত্রীর দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। যুবলীগ নেতা মহসিন বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসতে বলেন। এতে তরুণী প্রেমিকা প্রেমিকের কথামতো গত ১৭ অক্টোবর তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসেন।
মহসিনের বড় বোন কবিতা আক্তার জানান, মহসিনের চার বছরের একটি সন্তান রয়েছে। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এখন এই তরুণী যেহেতু তার স্বামীকে ছেড়ে চলে এসেছে, মহসিন বাড়ি এলে আমরা এই মেয়ের সঙ্গে মহসিনের বিয়ের ব্যবস্থা করব।
মহসিনের বাবা আবদুল হেলিম ফকির জানান, ছেলে বাড়ি এলে তার সঙ্গে কথা বলে সমাধান করা হবে।
