বাবাকে হত্যা করে পুলিশকে জানাল ছেলে

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০১:৪৯ এএম

গাজীপুরে স্কুলশিক্ষক বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ৯৯৯-এ ফোন করে বাবাকে হত্যার খবর পুলিশকে জানায় ছেলে নিজেই। গত সোমবার রাতে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়াদুদ ওরফে বাবুল মাস্টার (৫৫) লতিফপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল রশিদ মাস্টারের ছেলে। বাবাকে হত্যার ঘটনায় ছেলে এমরান হাশমিত রাতুলকে (২৬) গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। সে রাজধানীর উত্তরার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী। নিহত আব্দুল ওয়াদুদ কাপাসিয়া উপজেলার তরগাঁও কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। ডান পায়ে কৃত্রিম পা লাগিয়ে চলাচল করতেন তিনি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, লতিফপুর দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়িতে রাতে বাবুল মাস্টার ও ছেলে রাতুলের সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছেলে রাতুল ঘরে থাকা রড দিয়ে বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে রাতুল নিজেই জাতীয় তথ্য সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানায়। পরে পুলিশ রাতুলকে আটক করে। গুরুতর আহতাবস্থায় তার বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে বাবুল মাস্টার মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত