রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ হাসপাতাল ও ইনস্টিটিউটে নতুন পাঁচটি কার্ডিয়াক অপারেশন থিয়েটার ও ৩৮টি ভাসকুলার আইসিইউ বেড চালু হয়েছে। এর ফলে বর্তমানে এই বিশেষায়িত হাসপাতালে মোট কার্ডিয়াক অপারেশন থিয়েটারের সংখ্যা দাঁড়াল সাতটি ও আইসিইউ বেড ৪২টি। এ ছাড়া একটি ভাসকুলার ইমার্জেন্সি অপারেশন থিয়েটার আগে থেকেই চালু রয়েছে।
গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব নতুন ওটি ও বেড সংবলিত কমপ্লেক্স উদ্বোধন করেন। এ সময় তিনি হাসপাতালের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ, নির্মাণাধীন নতুন ৫০টি কেবিন ব্লক, হাসপাতালের দক্ষিণ পাশে পরিত্যক্ত জায়গা সংস্কার করে নতুন রাস্তা, নির্মাণাধীন নতুন ক্যাথল্যাব কমপ্লেক্স, হেল্পডেস্ক পরিদর্শন করেন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান দেশ রূপান্তরকে বলেন, আগামী তিন মাসের মধ্যে আরও তিনটি ভাসকুলার ওটি, ১২টি ভাসকুলার আইসিইউ বেড ও ১২টি পেডিয়াট্রিক কার্ডিয়াক চালু হবে। ইতিমধ্যেই এসব ওটি কাজ শুরু করেছে ও আইসিইউ বেডে রোগী ভর্তি করা শুরু হয়েছে।
পরিচালক জানান, এই হাসপাতালের আইসিইউ বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড়। এছাড়া কার্ডিয়াক অপারেশন থিয়েটার ও আইসিইউ বেড বৃদ্ধি পাওয়ায় এখন থেকে আরও বেশি রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে। এখানে বুকের পাঁজর না কেটে ছোট ছিদ্রের সাহায্যে অধুনাপ্রবর্তিত অত্যাধুনিক পদ্ধতির কার্ডিয়াক অপারেশনও শুরু হয়েছে। এ ছাড়া দেশে আমিই প্রথম এই হাসপাতালে কোনো কনট্রাস্ট ব্যবহার না করে জটিল কিডনি রোগীদের হৃদরোগ চিকিৎসায় জিরো কনট্রাস্ট এনজিওপ্লাস্টি পদ্ধতির ব্যবহার শুরু করেছি। এখানে সর্বাধুনিক থ্রিডি ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করে অনিয়মিত হার্টবিট (জটিল অ্যারিদমিয়া রোগী) রোগীদের চিকিৎসাও করা হচ্ছে নামমাত্র মূল্যে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম ও হাসপাতালের চিকিৎসক, সেবক-সেবিকা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
